ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ও ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা অবহিতি সভা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর ডিসি অফিসের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

​প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতীয় পাবলিক টয়লেট নীতিমালার অন্তর্নিহিত কল্যাণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা। শুধু অন্যের সমালোচনা না করে নিজ নিজ দপ্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাগিদ দেন বিভাগীয় কমিশনার।

​নীতিমালা ও ওয়াশ সেক্টরের ব্যাপক প্রচারের আশাবাদ

​সভাপতির বক্তৃতায় যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার বলেন, এই অবহিতকরণ সভার মাধ্যমে ময়মনসিংহে এই নীতিমালা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি আরও ব্যাপক প্রচার পাবে বলে আমরা বিশ্বাস করি। সকলের আলোচনা সভাকে সমৃদ্ধ করেছে।

​‘ক্লিন সানডে’ কর্মসূচির ওপর আলোকপাত

​জেলা প্রশাসক মো: সাইফুর রহমান স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় কমিশনারকে এ সভার জন্য ধন্যবাদ জানান এবং ময়মনসিংহে তাঁর নেতৃত্বে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির ওপর আলোকপাত করেন।

​উপস্থাপনা ও বিশেষ অতিথিবৃন্দের আলোচনা

​এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুয়ে মেন জো ও তাঁর সহযোগী জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০ এর ওপর মনোজ্ঞ উপস্থাপনা পরিবেশন করেন।

​বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, বিভাগীয় উপ-পরিচালক (স্থানীয় সরকার) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) উম্মে হাবিবা মীরা বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন।

​বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি

​ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবেশ, তথ্য, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, ক্রীড়া, সমাজসেবা প্রভৃতি দপ্তরসমূহের প্রধানগণ সভায় যোগ দেন।