বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন ডিসি ফরিদা ইয়াসমিন

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য খ্রিষ্টধর্মাবলম্বীদের বার্ষিক ‘ফাতেমা রাণীর তীর্থোৎসব’ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারোমারী খ্রিস্টান ধর্মপল্লীর ফাদার তরুণ বানোয়ারী, সিস্টার অ্যাগনেস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা শাহিন এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

​সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ ও নিরাপত্তার নির্দেশনা

​পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তীর্থোৎসব উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিচ্ছিন্দ্র নিরাপত্তায় আয়োজনের জন্য গৃহীত সার্বিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

​ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান

​পরিদর্শন শেষে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে জানানো হয়— শেরপুরের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফাতেমা রাণীর তীর্থোৎসব যেন সার্বিকভাবে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।