প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি, বাতিল নারী কোটা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১৫: ৫২ 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় বড় পরিবর্তন এনেছে সরকার। নারীদের জন্য পূর্বনির্ধারিত বিশেষ কোটা বাতিল করে নতুনভাবে ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে আলাদা শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে। বাকি ৭ শতাংশ পদ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ। তবে কোটার আওতায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলো মেধার ভিত্তিতেই পূরণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিকভাবে হবে। সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমেও শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে। বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ পদ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *