নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা শিক্ষকদের

মোঃ আব্দুল আউয়াল খান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে মোট ৫৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল সোমবার (১৩ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার ৩১টি মাধ্যমিক, ১৭টি মাদ্রাসা, ৩টি কারিগরি বিদ্যালয় ও ৩টি কলেজ সহ মোট ৫৪টি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে।
শিক্ষকদের মূল দাবি
শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা
- চিকিৎসা ভাতা বৃদ্ধি
- ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এ উন্নীতকরণ
- শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ
শিক্ষক নেতা মুখলেছুর রহমান বলেন, তাঁদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে। তবে আশুজিয়া জয়নাথ করোরেশন ইনস্টিটিউটের শিক্ষক হাবিল আহমেদ মুঠোফোনে জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করলেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল না।
