শেরপুর-৩ আসনে মহিলাদের জাগ্রত থাকতে হবে: মাহমুদুল হক রুবেল
তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সাবেক এমপি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর-৩ (ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলার জাতীয়তাবাদী ইউনিয়ন ও উপজেলা মহিলা দলের সাথে রাতদিন মতবিনিময় সভা করছেন।
এ সময় তিনি তারেক জিয়ার পক্ষ থেকে সালাম জানিয়ে ৩১ দফা বাস্তবায়নে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, মহিলাদের কেন্দ্রে কেন্দ্রে জাগ্রত থাকতে হবে।
মাহমুদুল হক রুবেল মহিলা দলের প্রত্যেক নেত্রী ও কর্মীকে নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করে জাগ্রত থাকার নির্দেশ প্রদান করেন এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলেন।
দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে সভা
নতুনদের উদ্দেশ্যে নিজের পরিচয় তুলে ধরে রুবেল বলেন, “আমি এ আসনে তিনবার এমপি ছিলাম। বিগত ১৭ বছরে নির্যাতন, হামলা, মামলা ও শেখ হাসিনার অত্যাচারে আপনাদের পাশে এসে সভা সমাবেশ করতে পারি নাই। ২০২৪ সালের ৫ই আগস্টে হাসিনা পতনের পর থেকে দুই উপজেলায় মানুষের পাশে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারছি।”
মহিলা দলের একাধিক নেতা-কর্মী জানান, মাহমুদুল হক রুবেল একজন জনপ্রিয় নেতা। তিনি অনেক অত্যাচার সহ্য করে দলের হাল ধরে কর্মীদের পাশে থেকেছেন। তাঁরা দাবি করেন, তাকে মনোনয়ন দেওয়া হলে শতভাগ নিশ্চিত শেরপুর-৩ আসনটিতে বিএনপির হারানো গৌরব ফিরে আসবে এবং বিজয় নিশ্চিত হবে।
