নান্দাইলে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রাথমিকের বই

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হাজার হাজার নতুন সরকারি বই কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, অথচ বছরের শুরুতে উপজেলার অনেক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাই এসব বই পায়নি। সরকারের প্রতিটি বই তৈরিতে ৫০ টাকার বেশি খরচ হলেও সেগুলো মাত্র ১৫ টাকা কেজি দরে বিক্রি করায় সরকারি অর্থের অপচয় এবং স্থানীয় সুশীল সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদের পুরাতন হলরুমের সামনে থেকে একটি ট্রাকে করে প্রায় ৯,০৭২ কেজি বই কর্ণফুলী পেপার মিলের কাছে বিক্রি করতে দেখা যায়। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিইও) হাফিজুর রহমানকে বিষয়টি তদারকি করতে দেখা যায়।
শিক্ষার্থীদের বঞ্চনার অভিযোগ
উপজেলার আদর্শ শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের পরিচালক হাসান মাহমুদ তারিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বছর আমরা চতুর্থ শ্রেণির ১০ সেট বইয়ের জন্য শিক্ষা অফিসে বারবার ঘুরেও একটি বইও পাইনি। আর এখন দেখছি হাজার হাজার নতুন বই কেজি দরে বিক্রি হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।” উপজেলার প্রায় শতাধিক নিবন্ধনকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের অনেকেই সময়মতো বই পায়নি বলে অভিযোগ রয়েছে।
কেজি দরে বই বিক্রি:শিক্ষা কর্মকর্তার বক্তব্য
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা জানান, “শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টেন্ডারের মাধ্যমে শুধুমাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উদ্বৃত্ত বই-ই বিক্রি করা হচ্ছে। ২০২৫ সালের কোনো বই এর মধ্যে নেই।” তবে বিপুল পরিমাণ বই কীভাবে ‘উদ্বৃত্ত’ থাকে এবং কেন সেগুলো চাহিদার সময় বিতরণ করা হয়নি, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
