মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীর চলতি ধেনু নদীতে বাল্কহেড ও মালবাহী জাহাজে চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় চাঁদাবাজদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে চলতি ধেনু নদীতে নৌ পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেপথ্য ও ট্রলার জব্দ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরীর চলতি ধেনু নদীতে দীর্ঘদিন ধরে একটি দুষ্কৃতকারী চক্র অবৈধভাবে বালু উত্তোলন এবং চলাচলরত বাল্কহেড ও মালবাহী জাহাজে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের ধরতে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় ইউএনও-র উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চাঁদাবাজ সদস্যরা নদীতে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চাঁদাবাজদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
প্রশাসন ও পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, চলতি ধেনু নদীকে অবৈধ বালু উত্তোলন ও চাঁদামুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান এ বিষয়ে জানান, চলতি ধেনু নদীতে অবৈধ বালু উত্তোলন এবং জলযানগুলোতে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীটিকে সব ধরনের দখলবাজ ও চাঁদাবাজমুক্ত করা হবে ইনশাআল্লাহ।