খালিয়াজুড়িতে মাদক সেবন ও মাতলামি: উপজেলা কোয়ার্টার থেকে আটক ব্যক্তির জেল

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা পরিষদ কোয়ার্টারে মাদক সেবনরত অবস্থায় মাতলামি করার অভিযোগে অসিত সরকার (৫০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে তাঁকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ কোয়ার্টারে মাদক সেবন করে মাতলামি করার সময় স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা অসিত সরকারকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে খালিয়াজুড়ি থানার এএসআই সুব্রত ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করেন। আটক অসিত সরকার উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বানু সরকারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সকলের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে অসিত সরকার নিজের অপরাধ স্বীকার করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশের বক্তব্য

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, “মঙ্গলবার বিকেলে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, জনস্বার্থে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *