খালিয়াজুড়িতে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ীতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
স্মৃতিসৌধের স্থান নির্ধারণ
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অত্র উপজেলায় কোনো স্মৃতিসৌধ না থাকায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে সমস্যা হচ্ছিল। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর প্রস্তাব এবং জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সমর্থনে সভায় উপস্থিত সকলে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন। এটি উপজেলা সদরের টিএনটি অফিসের দক্ষিণ পাশে, খেলার মাঠের পশ্চিম ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় নির্মাণ করা হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সভায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও জনস্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
- থানার সামনের পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ।
- উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ও ঘর উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা।
বক্তব্য ও উপস্থিতিবৃন্দ
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভাপতির সমাপনী
ইউএনও নাদির হোসেন শামীম তাঁর বক্তব্যে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
