খাল খননে নতুন আশা—সেনবাগে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুরক্ষায় বিশেষ উদ্যোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কৃষকের ফসল রক্ষা এবং বর্ষা মৌসুমে দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

খনন কার্যক্রম ও উদ্বোধন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে গৃহীত এই কর্মসূচির আওতায় ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সেনবাগ উপজেলার কল্যান্দি বাজার পর্যন্ত বিস্তৃত খালের খনন কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। এ সময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা সভা

উদ্বোধন উপলক্ষে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কাবিলপুর ইউপি চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাহার।

কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্ব

সভায় বক্তারা বলেন, সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা কৃষির ব্যাপক ক্ষতি করে। এই খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে, ফলে কৃষকের ফসল রক্ষা পাবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। এটি এই অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল এবং সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, কেবল খনন নয়, পরবর্তীতে খালের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *