মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদল। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবের-এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও রুট
‘আমরা সবাই তারেক হবো, দেশ গড়ার অংশ নেব; আমরা সবাই ফখরুল হবো, কোম্পানীগঞ্জ গড়ার অংশ নেব’—এই স্লোগানকে সামনে রেখে পেশকারহাট ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পেশকারহাট বাজার প্রদক্ষিণ করে রাস্তারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে স্লোগান দেন।
সমাবেশ ও বক্তাদের বক্তব্য
মিছিল শেষে আয়োজিত সমাবেশে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন মাহমুদ সুমন-এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবের।
সমাবেশে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং সামাজিক নিরাপত্তার জন্য বড় বাধা। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান
তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা। একই সাথে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা সানিয়াত ইসলামসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।