মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এলাকাবাসীর দাবি, আটককৃত ফারুক বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের যুবদল নেতা হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তিরা ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ওমর ফারুককে একটি দেশীয় অস্ত্রসহ ধরে ফেলে।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটকের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





