ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্ত শুরু
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার নামে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগের নেপথ্যে
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ সমবায় অফিস সংশ্লিষ্ট একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চনের কাছ থেকে প্রায় সাত মাস আগে ১ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী তাঁর টাকা ফেরত দাবি করেন।
ভুক্তভোগী জাকির হোসেন জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্ত নাসিম শাহ বিভিন্ন সময় নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। সর্বশেষ এক মাসে একাধিকবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। বরং যোগাযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি হুমকি-ধমকির অভিযোগও তোলা হয়েছে।
অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান-এর নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাসিম শাহ প্রথমে অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বললেও পুনরায় প্রশ্ন করলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, “অভিযুক্ত কর্মচারী বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে শোকজ নোটিশ জারি করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনআস্থা পুনরুদ্ধারের দাবি
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি কার্যালয়ে এমন দুর্নীতির অভিযোগ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
