অবাধ নির্বাচন ও সীমান্ত সুরক্ষায় বিজিবি ময়মনসিংহের ব্যাপক প্রস্তুতি

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি ময়মনসিংহ সেক্টর। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আমিন বায়জিদ এসব তথ্য জানান।

নির্বাচনকালীন বিশাল প্রস্তুতি

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচনে ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ৭টি জেলার (শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম) ৬২টি উপজেলার ৩৯টি সংসদীয় আসনে মোট ১২৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে নালিতাবাড়ী, হালুয়াঘাট, রৌমারী ও কলমাকান্দাসহ ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। অবশিষ্ট ৫১টি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে ২ হাজার ৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধ

লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আমিন বায়জিদ জানান, নির্বাচনের পাশাপাশি ২৪২.৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি পূর্ণদমে তাদের মূল দায়িত্ব পালন করবে।

২০২৫ সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ বিভিন্ন অভিযানে ১৪৭ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ২৬৬ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

জরুরি পরিস্থিতির জন্য রিজার্ভ ফোর্স

যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে প্রতিটি ব্যাটালিয়নে ০২ প্লাটুন বিজিবি সদস্যকে সর্বদা প্রস্তুত (রিজার্ভ) রাখা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বিজিবি ময়মনসিংহের এই ব্রিফিংয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *