অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

খেলা ডেস্ক

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েও বিপিএল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা সম্ভব হয়নি। ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচই মাঠে গড়ায়নি। ফলে শেষ পর্যন্ত বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাত ৮টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকের পরই আসবে চূড়ান্ত ঘোষণা।

মাঠে গড়ায়নি প্রথম দুই ম্যাচ

বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা মিরপুরে না গিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন। একইভাবে সন্ধ্যার ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মাঠে নামার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে তা সম্ভব হয়নি।

অব্যাহতি দিয়েও ফেরানো যায়নি ক্রিকেটারদের

ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পরিস্থিতি সামাল দিতে নাজমুলকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয় বিসিবি। তবে সেই পদত্যাগের নিশ্চয়তা পাওয়ার পরও ক্রিকেটাররা মাঠে না ফেরায় টুর্নামেন্ট স্থগিতের পরিস্থিতি তৈরি হয়।

কোয়াবের অবস্থান

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন আগেই জানিয়েছিলেন, বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যের সুরাহা না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে। ক্রিকেটারদের দাবি আদায় না হওয়ায় তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন।

রাত ৮টায় বিসিবি ও কোয়াব নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হবে। ওই বৈঠকের ওপরই নির্ভর করছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *