নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনেই দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিলও করেছে ছাত্র-জনতা।
বিক্ষোভ ও দাবি
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে রওনা দেন শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্রজনতা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্রজনতা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন:
“ফ্যাসিস্ট হাসিনা দেশের মধ্যে যে ধরনের গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে বিচার বিভাগ যেন তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই কর্মসূচী আমাদের।”
তিনি আরও বলেন, শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিল ফ্যাসিস্ট হিসেবে। পরবর্তীতে শেখ হাসিনা সেই ধারাকে গত ১৭ বছর অব্যাহত রেখেছিলেন। তিনি দাবি করেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে বুলডোজার দিয়ে সম্পূর্ণ রূপে নির্মূল করার মাধ্যমে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করা যাবে।
