স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সিদ্ধান্ত
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে তথ্য তুলে ধরেন:
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর: ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্ল্যাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
- গণপূর্ত অধিদপ্তর: মডেল মসজিদসমূহের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ প্রদান করা হয়েছে। এছাড়াও হস্তান্তরকৃত মডেল মসজিদসমূহের ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংস্কার/মেরামত করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং করা হচ্ছে।
- স্বাস্থ্য বিভাগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ময়মনসিংহে অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা চলমান রয়েছে। এছাড়াও তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হাসপাতালে ডাক্তার উপস্থিতি নিশ্চিতকরণসহ ওষুধ বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার কার্যক্রম যথারীতি চলমান রয়েছে
- সড়ক ও জনপথ (সওজ) বিভাগ: উপজেলা নির্বাহী অফিসারগণের প্রস্তাব মোতাবেক মেরামতযোগ্য রাস্তাসমূহের রুটিন মেইনটেনেন্স-এর মাধ্যমে নিয়মিত মেরামত কাজ চলমান আছে। এছাড়াও বালিপাড়ার রাস্তার স্পিডব্রেকার ও ভালুকা-ত্রিশাল সীমানায় একটি ইউটার্ন স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ফুলপুর সিংহেশ্বরী চাঁনপুরে রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভাপতির আহ্বান
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন:
“জেলার উন্নয়নে আমাদের সকলের সমন্বিতভাবে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমাদের যার যার নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। জনগণের দৌড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট আরও কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।”
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
