সরকারি কাজে বাধা: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা ও ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়ার পর যুবদলের নেতা সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল জাহান (৪৫) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে নিয়ে গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি মাপজোখে বাধা ও মারধর, যুবদল নেতার কারাদণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
