এসডিজি’র টার্গেট বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার:
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, “কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই এসডিজি-২০৩০ প্রণয়ন করা হয়েছে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৮তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সমতার সূতোয় নিয়ে আসতে হবে, যাতে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়। এতে ব্যক্তি এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ উভয়ই উপকৃত হবে এবং জীবনমান বৃদ্ধি পাবে।
লক্ষ্যমাত্রা পূরণে তাগিদ
পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিভিন্ন দপ্তরের সাথে এসডিজির নির্দিষ্টকৃত ১৭টি অভীষ্ট ও ২৬৯টি টার্গেটের মধ্যে সাদৃশ্যপূর্ণ অভীষ্ট ও টার্গেটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা তাদের কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। এরপর ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য পূরণ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, “আমাদের কাছে এসডিজির অগ্রাধিকার সর্বোচ্চ। নির্দেশক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি বিভাগকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটি দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই।”
