ময়মনসিংহ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশির শোভাযাত্রা
রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার

মো: আমান উল্লাহ আকন্দ, ময়মনসিংহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীতায় এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে মোটর শোভাযাত্রা করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী মো: সুজাউদ্দৌল্লাহ সুজা। এ সময় তিনি রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়কে এই বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সহস্রাধিক মোটর সাইকেলে শোভাযাত্রা
বিকালে তারাকান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সহস্রাধিক মোটর সাইকেল এবং ডজনখানেক প্রাইভেটকারে করে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মনোনয়ন প্রত্যাশী মো: সুজাউদ্দৌল্লাহ সুজা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক।

৩১ দফার প্রচারণা ও ঐক্যের বার্তা
শোভাযাত্রার বিষয়ে সুজাউদ্দৌল্লাহ সুজা বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। মূলত নির্বাচনকে সামনে রেখে ৩১ দফার প্রচারণা চালাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে এই মনোনয়ন প্রত্যাশী আরও বলেন, তিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলকে নির্বাচনমুখী করতে কাজ করছেন। তবে দল যাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে, তিনি দলের একজন কর্মী হিসেবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবেন।
