সুবর্ণচরে দিনে-দুপুরে যুবককে গলা কেটে হত্যা

স্ত্রীর কর্মস্থলে যাওয়ার পথে হত্যাকাণ্ড, কারণ জানাতে পারেনি পুলিশ

নোয়াখালীর সুবর্নচর উপজেলার পরিষ্কার বাজার সড়কে এক ব্যাক্তিকে হত্যার পরে পুলিশ ও মানুষজনের ভিড়।আজ বিকেল সাড়ে তিনটায়।ছবি।

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনে-দুপুরে প্রকাশ্য সড়কে সুব্রত চন্দ দাস (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ দাস উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের চিরু রঞ্জন দাসের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন।

যেভাবে ঘটনাটি ঘটে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুব্রত বেকার ছিলেন। তাঁর স্ত্রী রিক্তা রানী দাস চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি করেন। স্ত্রীকে কর্মস্থল থেকে আনার জন্য সুব্রত দুপুরে মোটরসাইকেলযোগে রওয়ানা দিয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, যাত্রা পথে উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। তাঁর মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশের বক্তব্য

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, পুলিশ সেই রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *