উষ্ণতার কারণে প্রবালপ্রাচীর ধ্বংসের ঝুঁকিতে: বিজ্ঞানীদের সতর্কতা

রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া প্রবালছবি: রয়টার্স

এএফপি

বিশ্বের উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীরগুলো এমন এক সীমা অতিক্রম করেছে, যেখান থেকে আর ফেরার পথ নেই। কারণ, সমুদ্রের তাপমাত্রা এখন এমন মাত্রায় পৌঁছেছে, যেখানে অধিকাংশ প্রবালের টিকে থাকা অসম্ভব। আজ সোমবার প্রকাশিত এক বৈজ্ঞানিক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

​ওই প্রতিবেদনে প্রথমবারের মতো বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী সম্ভবত একটি ‘বিপজ্জনক’ সীমারেখায় পৌঁছেছে। এতে বিশ্বের প্রকৃতিতে বড় ধরনের, এমনকি স্থায়ী পরিবর্তনও দেখা যেতে পারে।

​প্রতিবেদনের মূল লেখক এবং এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও বিশ্বব্যবস্থাবিষয়ক বিজ্ঞানী টিম লেন্টন এএফপিকে বলেন, “দুঃখজনক বিষয় হলো, এখন আমরা অনেকটাই নিশ্চিত যে আমরা উষ্ণ পানির বা উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রাচীরের একটি ‘বিপজ্জনক সীমা’ অতিক্রম করেছি।”

প্রবাল ধ্বংসের কারণ

  • তাপমাত্রা বৃদ্ধি: বিশ্বের বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের ১৬০ জন বিজ্ঞানী একমত যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার শিল্পপূর্ব যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১.৫°C) বেশি হলেই অধিকাংশ প্রবালপ্রাচীর ধ্বংস হয়ে যাবে। এই সীমারেখা আর কয়েক বছরের মধ্যে ছুঁয়ে ফেলার আশঙ্কা রয়েছে।
  • রং হারানো: উষ্ণ সমুদ্রে চাপের কারণে প্রবালগুলো তাদের স্বাভাবিক রং ও খাদ্যের উৎস হারাচ্ছে। যদি সমুদ্র ঠান্ডা না হয়, তাহলে রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া প্রবাল আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। খাবার না পেয়ে এগুলো ধীরে ধীরে মরে যায়।

​২০২৩ সালের পর থেকে সমুদ্রবিজ্ঞানীরা প্রশান্ত, ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে এমন মাত্রায় প্রবালের মৃত্যু দেখেছেন, যা আগে কখনো দেখা যায়নি। প্রবালপ্রাচীরগুলো এখন ভুতুড়ে সাদা রং ধারণ করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *