সরকারি আইনগত সহায়তায় ৫০ জন ইন্টার্ন নেবে অধিদপ্তর, ভাতা মাসে ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে জেলা লিগ্যাল এইড অফিসে ৬ মাস মেয়াদে ৫০ জন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৩ এর উদ্দেশ্য বাস্তবায়নে এবং ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী এই ইন্টার্নশিপ প্রদান করা হবে।

গত ১৯ নভেম্বর অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাঠপর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সরকারি অফিস ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান ও ধারণা দিতেই এই কর্মসূচি।

কোথায় কতজন

মোট ৫০ জনের মধ্যে ৮টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে নেওয়া হবে ৮ জন।

ফরিদপুর, দিনাজপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, কুমিল্লা, রাঙ্গামাটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নরসিংদী, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, বগুড়া, শরীয়তপুর, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, কক্সবাজার, নোয়াখালী ও চাঁদপুর জেলা সদরে নেওয়া হবে ২৪ জন।

এছাড়া হাতিয়া, চিকন্দী, ঈশ্বরগঞ্জ, ভাঙ্গা, মির্জাগঞ্জ, দশমিনা, কলাপাড়া, গলাচিপা, চরফ্যাশন, মনপুরা, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, বড়লেখা, জকিগঞ্জ, ধর্মপাশা, দৌলতপুর ও মহেশপুর চৌকি আদালতে নেওয়া হবে ১৮ জন।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা চলতি পরীক্ষায় অবতীর্ণ (Appeared) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষ এবং শিক্ষানবিশ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রার্থী নীতিমালা অনুযায়ী শুধু একবারই ইন্টার্নশিপ করতে পারবেন। অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

সুযোগ-সুবিধা ও শর্ত

নির্বাচিত প্রার্থীদের মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। এর বাইরে অন্য কোনো ভাতা বা সুবিধা দেওয়া হবে না। অধিদপ্তর নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। ভাতা পেতে প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন দাখিল করতে হবে।

ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত রয়েছেন’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে সম্পন্ন করার পর সনদ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। নীতিমালার সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত দেশে প্রচলিত সকল আইন-কানুন মেনে চলতে হবে।

প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক বা উভয় পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ডাকযোগে বা মোবাইলে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নিচের QR code স্ক্যান করে তথ্য পূরণ করে নির্ধারিত স্থানে সিভি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে আগামী ৭ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টার মধ্যে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্র এবং আবেদনপত্রে উল্লিখিত সকল তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

Leave a Comment