ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দাবি

​মহানগর জামায়াতের আমীর মোঃ আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, এতে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

​বক্তারা আরও বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব; তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দল, গোষ্ঠী বা ব্যক্তির পরিচয়ে অপরাধের দায়মুক্তি না দিয়ে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান বক্তারা।

​উপস্থিত নেতৃবৃন্দ

​সমাবেশে জেলা আমীর মোঃ আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান এবং কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment