রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

নগরীর টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬’। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
স্টল পরিদর্শন ও অংশগ্রহণ
উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।