রাশিদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এ ফলাফল প্রকাশ করা হয়। এ বছর বোর্ডে সামগ্রিক পাসের হার ৫১.৪৪ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, প্রতিটি পরীক্ষার্থীকে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।
এক নজরে ফলাফল ও পরিসংখ্যান
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী এ বছরের পরীক্ষার বিস্তারিত পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
- ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা: ৭৩,৪২০ জন
- অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা: ৭০,৬৭৩ জন
- ছাত্র সংখ্যা: ৩৩,০৩৭ জন
- ছাত্রী সংখ্যা: ৩৭,৬৩৬ জন
- মোট পাসকৃত পরীক্ষার্থী: ৩৬,৩৫৪ জন
- সামগ্রিক পাসের হার: ৫১.৪৪ শতাংশ
- ছাত্রদের পাস ও পাসের হার: ১৫,৬৪৭ জন (৪৭.৩৬%)
- ছাত্রীদের পাস ও পাসের হার: ২০,৭০৭ জন (৫৫.০২%)
- জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থী: ২,১৩৭ জন
- জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র সংখ্যা: ১,০১৮ জন
- জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা: ১,১১৯ জন
- মোট কেন্দ্রের সংখ্যা: ১১৩ টি
- মোট প্রতিষ্ঠানের সংখ্যা: ৩১৫ টি
সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পেছনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেন্দ্র সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কক্ষ পরিদর্শক, প্রধান পরীক্ষায়ক, পরীক্ষক, নিরীক্ষকসহ বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর অসামান্য অবদান রয়েছে।