মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘একুশে পাঠচক্র’-এর ১৫৭তম নিয়মিত আসর। এবারের আসরের মূল আলোচ্য বিষয় ছিল ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশপ্রেম ও আত্মত্যাগ’।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে এই পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও বক্তাদের বক্তব্য
শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে এবং সংগীত শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অতুলনীয় দেশপ্রেম, বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিকর্মী মানিক কুমার সাহা, শিক্ষক পূজা সরকার এবং শিশু শিক্ষার্থী রাজদ্বীপ, কাশফিয়া, তিথি ও স্বস্তিকা পাঠক। বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মতো বীরদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।
রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পাঠচক্রের দ্বিতীয় পর্বে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশপ্রেম ও আত্মত্যাগ’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্য থেকে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পাঠচক্র ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের হৃদয়ে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।