সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর কয়ড়া, কলাদহ, কুকুরমারিসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে ‘ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন’।
এই জনকল্যাণমুখী উদ্যোগে প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী।
স্থানীয়দের ভাষ্যমতে, নদীর দুই পারের মানুষের যাতায়াতে এতদিন চরম ভোগান্তি পোহাতে হতো। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষকে এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। একটি সেতুর অভাবে এতদিন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নানামুখী সমস্যার মুখোমুখি হতে হতো। এমন পরিস্থিতিতে কাঠের সেতুটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধন ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি
নবনির্মিত কাঠের সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান। সহ-উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বক্তব্য
উদ্যোগ প্রসঙ্গে ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করেই এই কাঠের সেতু নির্মাণের উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত হয়। এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও এলাকার যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন ও মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর এই যৌথ উদ্যোগে নির্মিত সেতুটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে একই সাথে কাঠের সেতুর পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।