মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ২৩ হাজার খানায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা আড়াইটার দিকে মেন্দিপুর ইউনিয়নের দুর্গ্রাশ্রম মন্দিরের পাশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান। উপজেলা বিএনপি নেতা এরশাদুল আলম শাহীন-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে তথ্য সংগ্রহকারী শাহাদাত হোসেন-এর মাধ্যমে মেন্দিপুর এলাকার বকুল মিয়ার স্ত্রী আসমা আক্তার-এর নাম তালিকাভুক্তকরণের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
বক্তব্য ও উপস্থিত ব্যক্তিবর্গ
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য দেন মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা কায়সার আহমেদ সেকুল, মোঃ আব্দুল মান্নান চৌধুরী, চন্দন কুমার দে, খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, ফাহিম হোসেন সুমন ও মোঃ রিপন মিয়া।
অনুষ্ঠানে সুপারভাইজার মোঃ আবুল হাসনাত জুনায়েদ, রমিজ উদ্দিন এবং তথ্য সংগ্রহকারী মার্জিয়া আক্তার জেরিন, শাহাদাত হোসেন, প্রণিতা সরকার, মোঃ রুবেল মিয়া, সুজাত চৌধুরী, মারিয়া রুপা, নুসরাত জাহান প্রমি ও সোহানা আক্তারসহ এলাকার প্রায় শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হাওরাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড প্রদানের এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।