রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় এ মহড়া পরিচালিত হয়।
বিশেষ অতিথিবৃন্দ ও আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোহাম্মদ মাসুম প্রধান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নি:) মোহাম্মদ দুলাল আকন্দ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী মোহাম্মদ আলমগীর কবির।
ফায়ার ফাইটার শাজাহান মিয়া-র উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সচেতনতামূলক মহড়া প্রদর্শন
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগে প্রাথমিক করণীয়, আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা এবং দ্রুত আগুন নির্বাপণের ওপর এক বাস্তবভিত্তিক ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা হাততালি দিয়ে মহড়াটিকে স্বাগত জানান।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ মাসুম প্রধান বলেন, “যেকোনো বড় ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বহু মূল্যবান জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব।”