ঘোড়াঘাটে মেধাবী শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জটিল রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে সরকারি অনুদানের নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ চেক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অতিথি ও বক্তব্য
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
- শামীম হোসেন চৌধুরী — সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি ও সভাপতি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি।
- আবদুস সাত্তার মিলন — যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি ও সভাপতি, ঘোড়াঘাট পৌর বিএনপি।
- মুক্তার হোসেন — ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপি।
অনুদান ও সুবিধাভোগীদের বিস্তারিত
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপস্থিত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন। কর্মসূচির আওতায়:
- ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে,
- ৬৪ টি আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে, এবং
- ১১ জন ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত জটিল রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর মহিলা দলের আহ্বায়ক মোছাঃ আয়েশা সিদ্দিকাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
