১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ; সীমান্তে সতর্কতা জোরদার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৮০০ টাকা।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শিমুলবাড়ী ও দিঘলটারী বিওপির টহলদল গভীর রাতে ও ভোরে অভিযান দুটি পরিচালনা করে।

সীমান্ত এলাকায় রাতে ও ভোরে বিজিবির অভিযান

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ আগস্ট রাত ১টায় প্রথম অভিযান চালানো হয় লালমনিরহাটের আদিতমারী থানার দিঘলটারী বিওপির আওতাধীন কাউয়ারচর এলাকায়। পরবর্তীতে ২৩ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার শিমুলবাড়ী বিওপির জুম্মাপার এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়।

​অভিযানকালে বিজিবির টহল দল সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় দিক থেকে কয়েকজন সন্দেহভাজন কারবারীকে আসতে দেখে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাঁদের সাথে থাকা মালামাল ও পোটলা ফেলে রেখে রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করে।

বিজিবি অধিনায়কের বক্তব্য

​এ ঘটনায় মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান—

​”দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সচেতন ও বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও রাত্রিকালীন টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *