‘ছাত্রদের বুকে গুলি করবেন না’—সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে জাপান প্রবাসীর খোলা চিঠি

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ প্রতিনিধি

দেশের চলমান পরিস্থিতি, ছাত্র সমাজের নিরাপত্তা এবং সুশাসনের দাবি জানিয়ে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন জাপান প্রবাসী জুলফিকার আলী জুয়েল তরফদার। চিঠিতে তিনি দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা ও বিশেষ আহ্বান জানিয়েছেন।

ছাত্র সমাজ আজ অভিভাবকহীন

​চিঠির শুরুতে প্রবাসী জুয়েল তরফদার দেশের ছাত্র সমাজের বর্তমান অবস্থাকে ‘অভিভাবকহীন’ বলে উল্লেখ করেন। তিনি অত্যন্ত দুঃখপ্রকাশ করে বলেন, আজ দেশের পিতা-মাতারা সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদের পড়ালেখা করানোর পর তাদের ভবিষ্যৎ আজ কোথায়—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “আজকের ছাত্র সমাজই আগামী দিনের বাংলাদেশ।”

দুর্নীতি ও নেতৃত্বের সংকট

​দেশের বিভিন্ন খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠিতে বলা হয়, দেশের প্রতিটি সেক্টর আজ অযোগ্য লোক দিয়ে ভরপুর হয়ে গেছে। এমন কোনো সেক্টর বাকি নেই যেখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে না। একই সাথে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগও আজ অযোগ্য নেতৃত্বে ভরপুর।

পুলিশের প্রতি প্রবাসীর আহ্বান

​দেশের পুলিশ বাহিনীর উদ্দেশ্যে প্রবাসীর এই খোলা চিঠিতে বিশেষভাবে অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে। জুয়েল তরফদার তাঁর চিঠিতে লিখেন—

​”জনগণের টাকায় কেনা বুলেট আমার অসহায় ছাত্র-ছাত্রীদের বুকে গুলি করবেন না। আমরা প্রবাসীরা তা কোনোভাবেই সহ্য করতে পারি না। দেশে যদি গুজব ছড়ানো হয়ে থাকে, তবে তা আপনাদের সাইবার টিম দিয়ে প্রতিহত করুন; গুলি করে সাধারণ জনগণ মেরে নয়। দেশের ছাত্র-জনতার ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।”

​চিঠির শেষ অংশে তিনি আবারও মনে করিয়ে দেন যে, তরুণ ছাত্র সমাজকে ধ্বংস করে নয়, বরং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *