মাদারগঞ্জে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শাহজাহান মোল্লা গ্রেপ্তার
আনিছুর রহমান আইয়ুব মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের উদ্দেশ্যে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঘরে ঢুকে যৌন নিপীড়ন ও পলকানি
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার ওই কিশোরী (পরিচয় সুরক্ষার্থে ছদ্মনাম মৌসুমী) নিজের ঘরে অবস্থান করছিল। এ সময় সুযোগ বুঝে একই এলাকার শাহজাহান মোল্লা আকস্মিক তার ঘরে প্রবেশ করে এবং ধর্ষণের উদ্দেশ্যে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। কিশোরীটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহজাহান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযুক্তের পরিচয় ও ওসির বক্তব্য
গ্রেপ্তারকৃত শাহজাহান মোল্লা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত তারা মোল্লার ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের উদ্দেশ্যে যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় এনেছে।” আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
