বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘পাহাড়ে ঈদ’: ৯ জাতিগোষ্ঠীর বর্ণিল পরিবেশনা
বিনোদন ডেস্ক

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ আনন্দ আয়োজন ‘পাহাড়ে ঈদ’ অনুষ্ঠানে এবার দেখা যাবে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের বর্ণিল পরিবেশনা। পাহাড়ি অঞ্চলের এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা এই অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন পর্দায় নিজ নিজ ঐতিহ্য ও অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন।
৯টি নৃ-গোষ্ঠীর সংস্কৃতির মেলবন্ধন
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ ও গানের নান্দনিক উপস্থাপনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। অনুষ্ঠানে অংশ নেওয়া ৯টি জাতিগোষ্ঠী হলো:
- বম ও চাক
- মারমা ও ম্রো
- ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা
- চাকমা, খিয়াং এবং গুর্খা।
মনোজ্ঞ নাচ-গানের পাশাপাশি প্রতি পর্বে পার্বত্য এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর সাধারণ মানুষ পাহাড়ের ঈদ আনন্দ আয়োজন ও যাপন নিয়ে নিজেদের চমৎকার সব অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন।
দুই পর্বে সম্প্রচার ও ব্যবস্থাপনা
বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় দুই পর্বে সাজানো এ অনুষ্ঠানটি পবিত্র ঈদের চতুর্থ এবং পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।
ভ্যালেন্টিনা ত্রিপুরার উপস্থাপনায় এই বিশেষ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাতটি করে জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: ঈমাম হোসাইন।
