মাদারগঞ্জে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে জমি দখল ও হামলার চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
আনিছুর রহমান আইয়ুব মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ীর বাণীকুঞ্জে দুই ভাইয়ের বৈধ ও দীর্ঘদিনের ভোগদখলকৃত বসতভিটার সামনের অংশ জোরপূর্বক দখল করে টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের ওপর হামলার চেষ্টাও চালানো হয়। বর্তমানে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ও গভীর উদ্বেগের মধ্যে দিন অতিবাহিত করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ (শনিবার) দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাণীকুঞ্জ (৬ নং ওয়ার্ড) এলাকায় এই ঘটনা ঘটে। জমি দখলের এই পরিকল্পিত কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক হোসেন আলী বিএসসি, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফরিদুল ইসলামসহ আরও বেশ কয়েকজন সংঘবদ্ধ ব্যক্তির বিরুদ্ধে। তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ওই বাড়ির প্রধান প্রবেশপথ জবরদখল করেন এবং টিনের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেন।
অনুপস্থিতির সুযোগে পূর্বপরিকল্পিত দখল
ভুক্তভোগী পরিবারের সদস্য সাজেদুল করিম ও রকিবুল ইসলাম জানান, “বিগত ১৯৯০ সাল থেকে সংশ্লিষ্ট দলিল, দাগ ও খতিয়ানসহ যাবতীয় সরকারি কাগজপত্র অনুযায়ী আমরা এই জমির বৈধ মালিক। দীর্ঘ ৩৬ বছর ধরে আমরা এই জায়গায় নিরবচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমাদের বসতবাড়ির চারপাশের দেয়াল এবং মূল প্রবেশদ্বার (গেট) বহু বছর আগেই নির্মিত হয়েছিল। কিন্তু আমাদের ভাইয়েরা চাকরি ও ব্যবসা-বাণিজ্যের কারণে সুদূর ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করার সুযোগে বিবাদীরা এই জমি দখলের নোংরা পাঁয়তারা চালায়।”

ভুক্তভোগী সাজিদুল ইসলাম আরও বলেন, “ঘটনার দিন দুপুরে তারা যখন অতর্কিতে টিনের বেড়া দিচ্ছিল, তখন আমরা বাধা দিলে তারা আমাদের ওপর সশরীরে হামলার চেষ্টা করে। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আমরা কোনো পাল্টা প্রতিরোধে যাইনি। তাৎক্ষণিকভাবে আমরা মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিবাদীরা দ্রুত টিনের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করে ফেলে। বর্তমানে আমাদের পরিবারের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেকোনো সময় তারা আমাদের ওপর আবারও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।”
ভুক্তভোগী পরিবারটি জানায়, জমি দখলের পুরো ঘটনার ভিডিও চিত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। সঠিক বিচার না পেলে তারা প্রশাসন ও গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করতে বাধ্য হবেন। তারা এই বিষয়ে মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন।
আদালতের শরণাপন্ন হওয়ার নির্দেশ পুলিশের
এ বিষয়ে জানতে চাওয়া হলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহশীষ রায় জানান, “আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা উভয় পক্ষকে দ্রুত বিজ্ঞ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি। একই সাথে আদালতের সুনির্দিষ্ট অনুমতি বা নির্দেশনা ছাড়া উক্ত বিরোধপূর্ণ জমিতে কোনো প্রকার নতুন কার্যক্রম বা স্থাপনা নির্মাণ না করার জন্য উভয় পক্ষকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।”
