ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে টাকা দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর
মো: হাবিবুল্লাহ, ( খালিয়াজুড়ি) , নেত্রকোনা, প্রতিনিধি

নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়ন করে অচিরেই সরাসরি তাঁদের হাতে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
দুই দিনের সফরসূচি
গত ৮ ও ৯ মে ২০২৬ (শুক্রবার ও শনিবার) খালিয়াজুরীর বিভিন্ন হাওর অঞ্চল পরিদর্শন করেন লুৎফুজ্জামান বাবর। শুক্রবার বিকেলে তিনি চাকুয়া ইউনিয়নের পাথরা, লেপসিয়া বাজার এবং মেন্দিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম হয়ে খালিয়াজুরী সদরে পৌঁছান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ প্রশাসনের কর্মকর্তারা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রশাসনিক সভা ও দিকনির্দেশনা
শনিবার সকালে ইউএনও’র কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তিনি। পরে বেলা ১১টায় উপজেলা হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টর সঞ্চালনায় অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর হাওরবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
হাওর পরিদর্শন ও মৎস্য খাতের উন্নয়ন
পরিদর্শন শেষে তিনি বয়রা, পাঁচহাট ও গাজীপুরের বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখেন। তিনি ঘোষণা করেন, অচিরেই প্রতিটি ইউনিয়নে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে স্থানীয় জেলেরা কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে মাছ ধরতে পারবেন এবং এলাকায় প্রচুর মৎস্য উৎপাদন হবে।
উপস্থিতিবৃন্দ
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, জিয়া উদ্দিন জিয়া, মোঃ ফুল মিয়া, যুবদল নেতা এনমুল হক ছোটন, কৃষক দল নেতা পান্ডব সরকার এবং ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান চৌধুরী, কবীর হোসেন মাস্টারসহ বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী ও স্থানীয় জনতা।
প্রেসক্লাব পরিদর্শন
সফরকালে তিনি খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
