নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার: ময়মনসিংহ বিভাগীয় মনিটরিং সভা

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

চলতি বোরো ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং অগ্রগতি পর্যালোচনা করতে বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সময়সীমা

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে সাধারণ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার নির্ধারিত সময়ের পূর্বেই সংগ্রহ অভিযান শুরু করেছে। চলতি বোরো মৌসুমে বিভাগের চার জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা হলো:

  • ধান: ৭০ হাজার ৭৪৩ মেট্রিক টন।
  • সিদ্ধ চাল: ১ লাখ ৯৪ হাজার ১৬৫ মেট্রিক টন।
  • গম: ৫৫৩ মেট্রিক টন।

সংগ্রহের সময়সীমা হাওর অঞ্চলে ৩ মে থেকে এবং অন্যান্য অঞ্চলে ১৫ মে থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ধান ও গম সংগ্রহ কার্যক্রম সারা বিভাগেই ৩ মে থেকে শুরু হয়েছে।

নির্ধারিত সংগ্রহ মূল্য

সরকার চলতি মৌসুমে খাদ্যশস্যের দাম নিম্নরূপ নির্ধারণ করেছে:

  • ধান: প্রতি কেজি ৩৬ টাকা।
  • সিদ্ধ চাল: প্রতি কেজি ৪৯ টাকা।
  • গম: প্রতি কেজি ৩৬ টাকা।

ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও স্বচ্ছতা

বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ধান ক্রয় করা হবে। এছাড়া ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা’ সফটওয়্যারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

সভায় সভাপতি কাজী জিয়াউল বাসেত বলেন, “ধান উৎপাদনে ময়মনসিংহ সারাদেশে প্রথম।লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে”। তিনি কৃষকদের সিন্ডিকেট ও হয়রানি থেকে মুক্ত রাখতে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন।

উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং আঞ্চলিক তথ্য অফিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *