কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (৪ মে) দুপুরে এই কর্মসূচিকে কেন্দ্র করে হোসেনপুর উপজেলা শহর উত্তাল হয়ে ওঠে।

বিক্ষোভ ও সড়ক অবরোধ

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি হোসেনপুর মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ জনতা শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল মোড়ে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

ঘটনার প্রেক্ষাপট

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ১৭ মার্চ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নিচ থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

অসন্তোষ ও পূর্ববর্তী কর্মসূচি

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। তবে ঘটনার ৪৯ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে, একই দাবিতে গত ৬ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বর্ণ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *