ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে এই সংলাপ সম্পন্ন হয়।
উপস্থাপিত সামাজিক সংকটসমূহ
সংলাপে অ্যাক্টিভিস্টা সদস্যরা উপজেলার সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী প্রধান সূচকসমূহ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অনলাইন জুয়া, মাদকাসক্তি, জেন্ডার বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মতবিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ, বয়স্ক বাবা-মায়ের প্রতি অবহেলা, বাল্যবিবাহ এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ অনলাইন হয়রানি।
প্রধান অতিথির বক্তব্য

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার। তিনি বলেন, “সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় পারস্পারিক শ্রদ্ধাবোধের চর্চা বৃদ্ধি করা এবং শান্তি কমিটি গঠনের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং ভূয়া তথ্য সম্পর্কে সচেতন থাকা ও তথ্য যাচাই করা খুবই প্রয়োজন।”
সুপারিশ ও পরিকল্পনা
সংলাপে অংশগ্রহণকারী ইমাম, পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, যুব সমাজকে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত করা, পারিবারিক নৈতিক শিক্ষা ও খেলাধূলার মধ্যে সম্পৃক্ত রাখা জরুরি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংকটের স্থায়ী দূরীকরণে সংলাপে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে সারাবছরব্যাপী যুব নেতৃত্বে অনলাইন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপস্থিত অতিথিবৃন্দ
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় সংলাপে হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ, সামাজিক সম্প্রীতি কমিটির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
