কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ: আয়োজন সীমিত, জনসম্পৃক্ততা অনুপস্থিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ আয়োজনটি জনসম্পৃক্ততা ছাড়াই অনেকটা লোকচক্ষুর অন্তরালে সম্পন্ন হয়েছে।

আয়োজন বনাম অভিযোগ

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু শিক্ষার্থীর অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানটি কার্যত হাসপাতালের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষকদের অভিযোগ, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি হলেও এই কর্মসূচির বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি কিংবা সাধারণ মানুষকে আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি স্থানীয় সংবাদকর্মীদেরও কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা তথ্য সরবরাহ করা হয়নি। ফলে কর্মসূচিটি প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্ষুব্ধ স্থানীয় মহল ও গণমাধ্যমকর্মী

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বরাদ্দ ও নির্দেশনার আলোকে আয়োজিত এই সপ্তাহভিত্তিক কর্মসূচি যদি কেবল আনুষ্ঠানিকতার জন্য করা হয়, তবে এর মূল উদ্দেশ্য সফল হবে না। গণমাধ্যমকর্মীদের দাবি, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদমাধ্যমকে সম্পৃক্ত করা হলে তা দ্রুত বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হতো। কিন্তু তথ্য গোপন রাখা বা এড়িয়ে যাওয়া বিষয়টি দুঃখজনক।

কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উম্মুক্ত অংশগ্রহণের দাবি

সচেতন মহলের দাবি, ভবিষ্যতে জাতীয় দিবস ও সপ্তাহভিত্তিক কর্মসূচিগুলোকে কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কার্যকর প্রচার-প্রচারণা এবং স্বচ্ছতার মাধ্যমেই এমন জনগুরুত্বপূর্ণ উদ্যোগকে সফল করা সম্ভব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *