প্রধানমন্ত্রীর ময়মনসিংহ আগমন: মহাসড়ক সংস্কার ও কঠোর নিরাপত্তার ছক

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে এক বিশেষ প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি

সড়ক ও অবকাঠামো সংস্কারের পরিকল্পনা

সভায় প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক ও জনপথ দপ্তর জানায়, মহাসড়কের নির্ধারিত স্থানগুলোতে সংস্কার ও মেরামত কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার এবং ফুটওভার ব্রিজগুলো মেরামতের কাজও প্রক্রিয়াধীন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ত্রিশাল বাজারের পাশের অবৈধ দোকান উচ্ছেদ এবং পৌরসভার রাস্তা ও ড্রেন পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি মেরামতের পাশাপাশি রাতে আলোর জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জনস্বাস্থ্য সেবা

তিন দিনব্যাপী এই সফর ও অনুষ্ঠান চলাকালীন এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বিদ্যুৎ বিভাগ। জরুরি প্রয়োজনে জেনারেটরের ব্যবস্থাও তারা দেখবে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর নিরাপদ পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে। জেলা পরিষদ এই পুরো আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

নিরাপত্তা ও ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ময়মনসিংহে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় জানানো হয়:

  • এসএসএফ-এর নির্দেশনায় ডিজিএফআই, এনএসআই, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে কাজ করছে।
  • অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন ওড়ানো যাবে না।
  • ঈদুল আজহার আগে পশুর হাটের চাপ এবং মানুষের ঢল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হবে।

সাংস্কৃতিক আয়োজন ও নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সভায় জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্যনাট্য, যাত্রাপালা এবং নজরুলের গান ও কবিতা পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট কালচারাল অফিসারগণ।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসকগণ এবং বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *