জমি বিরোধে প্রাণ গেল ৩ মাসের শিশুর: আছড়ে হত্যার অভিযোগে এলাকায় ক্ষোভ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক ও পাষবিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে তিন মাস বয়সী এক শিশুকে মাটিতে আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণকার বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া বিবাদ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ছোট জায়ের ছেলে সাকিল (১৪) নিষ্ঠুরভাবে মায়ের কোল থেকে তিন মাস বয়সী শিশুটিকে কেড়ে নেয় এবং সজোরে মাটিতে আছড়ে ফেলে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগী পরিবারের আর্তনাদ
নিহত শিশুর স্বজনরা জানান, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। প্রভাবশালী মহলের ইন্ধন এবং ভূমি সংক্রান্ত অনিয়মের কারণে তারা বারবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন শোকার্ত স্বজনরা।
পুলিশের বক্তব্য
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
