সেনবাগ–কবিরহাট সীমান্তে মাদকের বিস্তার: আতঙ্কে স্থানীয়রা, জোরদার অভিযানের দাবি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ ও কবিরহাট উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় মাদক সেবন ও কারবার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কডোরিয়ারটেক, আমেরিকান মার্কেট ও উল্লাল মিয়ারটেকসহ বিস্তৃত সীমান্ত এলাকায় মাদকের এই ভয়াল গ্রাসে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

মাদকের হটস্পট ও স্থানীয়দের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ ও কবিরহাটের সীমান্তবর্তী কডোরিয়ারটেক, হাঁটখোলা বাড়ির দোকান এলাকা, আমেরিকান মার্কেট সংলগ্ন খালপাড়, নতুন রাস্তা হয়ে উল্লাল মিয়ারটেক এবং নাসিরেরটেকের পূর্ব পাশ থেকে ৪নং ওয়ার্ড চৌরাস্তা পর্যন্ত মাদক সেবনের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব স্থানে বহিরাগত ও স্থানীয় উঠতি বয়সী তরুণদের জটলা এবং সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায়। মাঝেমধ্যে সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করা হলেও মাদক কারবারিরা সংঘবদ্ধ হওয়ায় তা স্থায়ী সমাধান দিচ্ছে না।

অভিভাবকদের উদ্বেগ

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদকের সহজলভ্যতা আমাদের সন্তানদের বিপথে ঠেলে দিচ্ছে। এই সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল না থাকায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।”

প্রয়োজন সমন্বিত পদক্ষেপ

সচেতন মহলের মতে, শুধুমাত্র সামাজিক প্রতিরোধ যথেষ্ট নয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। পাশাপাশি তরুণদের বিপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত স্পটগুলোতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাটদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *