তেলের লাইনে দেখা মিলল খেলনা মোটরসাইকেলের: চাঞ্চল্য
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জ্বালানি তেলের সংকটের মাঝে সিরিয়াল ধরে রাখতে অভিনব এক বুদ্ধি কাজে লাগিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ীর এক বাইকার। শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়া হবে—এমন খবরে শুক্রবার থেকেই উপজেলার স্বপন ট্রেডার্সের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। তবে সেই লাইনের মাঝে একটি শিশুদের ব্যাটারিচালিত খেলনা মোটরসাইকেল দেখে উৎসুক জনতার ভিড় জমে যায়।
যেভাবে লাইনে এলো খেলনা বাইক
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নূর ইসলাম নামের এক বাইকার সিরিয়াল ঠিক রাখতে তাঁর বাসার শিশুদের খেলনা মোটরসাইকেলটি লাইনে রেখে চলে যান। তেলের অপেক্ষায় থাকা শত শত আসল মোটরসাইকেলের মাঝে ছোট্ট এই খেলনা বাইকটি মুহূর্তেই মানুষের মধ্যে কৌতূহল ও হাসির খোরাক জোগায়।
কেন এই অভিনব পদ্ধতি?
এ বিষয়ে নূর ইসলাম হাসিমুখে জানান, “তেল পাওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টের। তাই সিরিয়াল যেন হাতছাড়া না হয়, সেজন্য আপাতত ছোট বাচ্চাদের এই মোটরসাইকেলটি রেখেছি। কাল যখন তেল দেওয়া শুরু হবে, তখন এটি সরিয়ে আমার আসল বাইক নিয়ে আসব। আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল তো মানতেই হবে!”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
তেলের লাইনে খেলনা বাইকের এই দৃশ্যটি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তেলের তীব্র সংকটের মধ্যে এমন রসিকতা মিশ্রিত অভিনব প্রতিবাদের ধরণটি নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, সাধারণ মানুষের তেল পাওয়ার লড়াই এখন এমন পর্যায়ে ঠেকেছে যে খেলনা বাইক দিয়েই জায়গা দখল করতে হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ফুলবাড়ীসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় তেলের পাম্পগুলোতে জ্বালানির তীব্র সংকট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
