জমি বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইসহ একই পরিবারের ৪ জন আহত

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

প্রতিকী ছবি।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই ও তাঁর পরিবার নির্মম হামলার শিকার হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

মধ্যরাতে ঘরে ঢুকে তাণ্ডব

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গুনেরবাড়ী এলাকার মৃত কছিম উদ্দিনের বড় ছেলে বিশু মন্ডল (৪০)-এর সাথে তাঁর ছোট ভাই নুরু মন্ডল (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী রেনু বেগম (৩০)-এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে জখম ও খুনের উদ্দেশ্যে শনিবার গভীর রাতে নুরু মন্ডল ও রেনু বেগম দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বিশু মন্ডলের শয়নঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

নারী ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন

ঘরে ঢুকে নুরু মন্ডল তাঁর বড় ভাই বিশু মন্ডলকে অতর্কিত ও এলোপাতাড়ি মারধর শুরু করেন। এসময় বিশু মন্ডলের স্ত্রী বিউটি বেগম (৩৫) বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি নুরু মন্ডলের হাত থেকে রেহাই পায়নি বিশু মন্ডলের ছোট দুই শিশু সন্তানও। তাদের টানা-হেঁচড়া ও মারধর করায় শিশুদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পরিবারটিকে উদ্ধার করে। আহত বিশু মন্ডল বর্তমানে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসাধীন রয়েছেন।

নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আক্রান্ত পরিবারের দাবি, নুরু মন্ডল ও তাঁর স্ত্রী রেনু বেগম প্রতিনিয়ত তাঁদের গুম ও খুনের হুমকি দিয়ে আসছেন। বর্তমানে চরম শারীরিক যন্ত্রণার পাশাপাশি প্রাণভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

থানায় লিখিত অভিযোগ

এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে বিশু মন্ডল মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *