বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা: আর্থিক সংকটে বাবার ওপর অভিমান
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের কাছে কাঙ্ক্ষিত টাকা না পেয়ে আজিমুল ইসলাম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি মারা যান।
ঘটনার প্রেক্ষাপট ও পারিবারিক বর্ণনা
নিহত আজিমুল ইসলাম শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি বাড়িতে এসে বাবার কাছে পড়ালেখা বা ব্যক্তিগত প্রয়োজনে মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন। কিন্তু বাবার আর্থিক অসচ্ছলতার কারণে সেই দাবি পূরণ করা সম্ভব হয়নি। এই অভিমানে আজিমুল নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
উদ্ধার ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঘটনার সময় তাঁর মায়ের তৎপরতায় রশি কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজিমুল ইসলামের মরদেহ বিকেল ৩টার দিকে বাড়িতে আনা হলে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণেই এমনটি ঘটেছে বলে জানতে পেরেছি।”
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
