ঝাড়কাটা নদীতে অবৈধ মাটি বিক্রির মহোৎসব: হুমকির মুখে নদীর তীর
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদীর খাস জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় ভূমিদস্যুদের এই বেপরোয়া কর্মকাণ্ডে নদী তীরবর্তী এলাকা বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
সরেজমিন চিত্র ও জনদুর্ভোগ
সরেজমিনে মাদারগঞ্জ ঝাড়কাটা ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, নদীর ভেতরের খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে দেদারসে মাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই মাটি উত্তোলনের ফলে নদীর পাড়ের রাস্তা ও আবাদি জমি হুমকির মুখে পড়ছে। এখানে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হলেও, মাটি ব্যবসায়ীদের দাপটে স্থানীয় কৃষকরা আজ অসহায়। প্রতিবাদ করতে গেলেই তাদের পড়তে হচ্ছে নানা হুমকি-ধামকির মুখে।
অভিযুক্তের দাপট ও দাফতরিক পরিচয়
অনুসন্ধানে জানা যায়, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের সিরাজ আকন্দের ছেলে নুরনবী এই অবৈধ মাটি উত্তোলনের মূল হোতা। তিনি বর্তমানে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আনসার কমান্ডার হিসেবে কর্মরত। নিজের পদের প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তিনি এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে নুরনবী কোনো অনুমতিপত্রের কথা না বলে দম্ভোক্তি করে বলেন, “আমি সব সময় ইউএনও-এসি ল্যান্ডের সাথেই থাকি। আগামীকাল আমার ইউএনওকে দিয়ে ফোন করাবো।”
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “আমরা সংবাদটি জানতে পেরেছি। দ্রুত সরেজমিনে গিয়ে এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
