তিন হাসপাতালকে পৌনে ২ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম স্থগিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান ও জরিমানার বিবরণ

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাওসারী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের দায়ে ড্রিম হাসপাতাল-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ নিবন্ধন ব্যতীত চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় চিকিৎসক না রাখার অপরাধে হলি কেয়ার হাসপাতাল-কে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে ইডেন হাসপাতাল-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একটি হাসপাতালের কার্যক্রম স্থগিত

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইডেন হাসপাতাল-এর সকল চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়।

প্রশাসনের বক্তব্য

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং ক্লিনিক-হাসপাতাল পরিচালনায় প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *