বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ধরলা নদীর ভাঙন প্রতিরোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি এলাকার ধরলা নদীর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়।

ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মানববন্ধনে বক্তারা বলেন, ধরলা নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর শত শত একর আবাদি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ খনন কাজ চালালেও সেই বালু উত্তোলনের ফলে ভাঙন ঝুঁকি আরও বাড়ছে। এলাকাবাসী তাঁদের আবাদি জমি রক্ষায় খননকৃত বালু নিজস্ব জমিতে রাখার দাবি জানান।

প্রশাসনের প্রতি আহ্বান

ভোগডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, “জনস্বার্থে এবং নদীপাড়ের মানুষের জানমাল রক্ষায় প্রশাসন এখানে বালু মহাল ঘোষণা বন্ধ রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি মিয়া জেলা প্রশাসনের প্রতি অবিলম্বে টেন্ডার বাতিল করে বালু বিক্রি বন্ধের জোর আহ্বান জানান।

বক্তব্য ও উপস্থিতি

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সমাজসেবক মোক্তার আলী, আব্দুস সামাদ ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় চর বড়াইবাড়ি এলাকার কয়েকশ’ ভুক্তভোগী মানুষ মানববন্ধনে অংশ নিয়ে তাঁদের দাবি তুলে ধরেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *